আগস্ট ৪, ২০২৬, ০৫:৪৬ পিএম
দেশের বিভিন্ন এলাকায় সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আগের মাসের তুলনায় চলতি মাসে বিশেষ করে জুন মাসে গ্রাহকদের বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি আসায় চারদিকে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি।
আজ মঙ্গলবার দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।স্ট্যাটাসে ড. আজহারি উল্লেখ করেন, হঠাৎ করেই তার নিজের বাসার বিদ্যুৎ বিলও বেশ কয়েক গুণ বেশি এসেছে এবং তার পরিচিত অনেকের ক্ষেত্রেই একই রকম অভিজ্ঞতা হয়েছে। এই অতিরিক্ত বিলের বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং অজস্র গ্রাহক নিজেদের বিদ্যুৎ বিল অতিরিক্ত আসার অভিজ্ঞতা কমেন্ট বক্সে তুলে ধরেন।এদিকে অতিরিক্ত বিলের অভিযোগ ওঠার পর সোমবার রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি অতিরিক্ত বিলের বিষয়টি নিয়ে কিছু মহল থেকে অযথা অপপ্রচার চালানো হচ্ছে।
বিতরণ সংস্থাগুলো ইতিমধ্যে এ ধরনের সকল অভিযোগ যাচাই করে সমাধান করেছে বলে দাবি করেছে বিভাগটি।কোনো গ্রাহকের বিলে প্রকৃত কোনো ত্রুটি বা সমস্যা থাকলে সুনির্দিষ্ট প্রমাণসহ সংশ্লিষ্ট অফিসে আবেদন করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন