অক্টোবর ১৫, ২০২৫, ১০:২৮ পিএম
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি এবার সমর্থন জানালেন দেশের জনপ্রিয় ইসলামি স্কলার ও বক্তা মিজানুর রহমান আজহারি। বুধবার (১৫ অক্টোবর) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শিক্ষকদের ‘ন্যায্য’ দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারি লেখেন, “প্রজন্ম গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।”তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ এতে মন্তব্য করে শিক্ষকদের দাবির প্রতি তাদের সমর্থন জানান।
আজহারির এই সমর্থন এমন এক সময়ে এলো, যখন শিক্ষকরা তাদের দাবি আদায়ে রাজধানী ঢাকাকে কার্যত অচল করে দিয়েছেন। পূর্বঘোষিত আল্টিমেয়াম অনুযায়ী, আজ দুপুর ২টার দিকে হাজার হাজার শিক্ষক রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন, যা প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়। সন্ধ্যায় তারা অবরোধ তুলে নিয়ে পরদিন (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শিক্ষকদের এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। মিজানুর রহমান আজহারির মতো প্রভাবশালী ব্যক্তির সমর্থন শিক্ষকদের আন্দোলনকে একটি নতুন নৈতিক শক্তি জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন