রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নৌকা উপহার পেয়ে পরামর্শ চাইলেন জ্বালানি উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০২:২৬ পিএম

নৌকা উপহার পেয়ে পরামর্শ চাইলেন জ্বালানি উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি একটি প্রতীকী ‘নৌকা’ উপহার দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে। এই উপহার গ্রহণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হওয়ায় এ ব্যাপারে জনমত জানতে চেয়েছেন খোদ উপদেষ্টাই।রোববার (০২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে ফাওজুল কবির খান জনমত জানতে চেয়ে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত (০১ নভেম্বর) সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে।’উপহারের নৌকাটি যে রাজনৈতিক কোনো দলের প্রতীকের মতো নয়, সেটিও তিনি উল্লেখ করেন। তিনি লেখেন, ‘লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই।

এখন এই উপহারটি তিনি কী করবেন, সে বিষয়ে পাঠকের কাছে পরামর্শ চেয়ে চারটি বিকল্প তুলে ধরেন:১. এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। (তবে তিনি মন্তব্য করেন, এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতাপ্রসূত হবে); ২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি। (যদিও এটা খুব মূল্যবান কিছু নয়); ৩. শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা ৪. নিজে রেখে দিতে পারি।সবশেষে তিনি লেখেন, ‘পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।’ উপদেষ্টার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।