সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০১:০৯ পিএম

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; বরং এটি দেশ রক্ষার নির্বাচন।

শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদ্য পদায়নকৃত পঞ্চাশ জেলা প্রশাসকসহ দেশের চৌষট্টি জেলার প্রশাসকদের উদ্দেশ্যে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন।

এই নির্বাচন গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন।

প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন হিসেবে দেখার সুযোগ নেই। গণভোট যুক্ত হওয়ায় এটি আরো তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ড. ইউনূস বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। তিনি জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, আপনাদের যা যা জানা প্রয়োজন সব জেনে নেবেন। নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, মনে রাখতে হবে বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত পনেরো বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন। তারা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে—এটা নিয়ে তাদের গভীর আগ্রহ রয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, "এই নির্বাচনকে স্বার্থক করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এই নির্বাচন একটি বিরাট অভিযান, আর স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।" মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় এই বৈঠকে অন্যান্য উপদেষ্টা এবং মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।