শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভূমিকম্পের পর যে কথা মনে করিয়ে দিলেন আজহারী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১১:৪৯ এএম

ভূমিকম্পের পর যে কথা মনে করিয়ে দিলেন আজহারী

শুক্রবার (২১ নভেম্বর) সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হওয়ায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক বিরাজ করে।এই বাস্তবতায় ইসলামী চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে এসেছেন।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, "ভেবে দেখেছেন কি? আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ।

সেই লিস্টে আপনি থাকতেন তো? উত্তর ‘না’ হলে, শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো।" তার মতে, এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তাই তিনি সবাইকে সময় থাকতে নিজেদের শুধরে নেওয়ার আহ্বান জানান।পোস্টের শেষে তিনি পবিত্র কুরআনের সূরা মুলকের একটি আয়াত জুড়ে দেন, যা মানুষকে স্মরণ করিয়ে দেয় আসমান ও জমিনের মালিকানার কথা।

আয়াতটি হলো: "তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকেসহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?" মূলত এই আয়াত এবং তার সতর্কবার্তার মাধ্যমে তিনি দেশের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সময়ে পার্থিব জীবন ও পরকালের জন্য প্রস্তুতির গুরুত্ব নিয়ে সচেতন করে তোলেন।