নভেম্বর ২১, ২০২৫, ০৩:০৪ পিএম
ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিকসহ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় একশর কাছাকাছি ব্যক্তি আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
প্রধান উপদেষ্টা এই শোকাবহ মুহূর্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়াও তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার জন্য কঠোর নির্দেশ দেন।
ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার এই নির্দেশনার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার তৎপরতা জোরদার করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন