নভেম্বর ২৭, ২০২৫, ১০:৪২ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি জানান, তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন।
উপদেষ্টার এই বক্তব্যের পরই জনমনে প্রশ্ন উঠে আসে যে, এই সরকারের আর কে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে একটি পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লেখেন:যারা জিজ্ঞাসা করছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমি সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাও আমার নেই।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর শফিকুল আলম সংবাদ সংস্থা এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধানের পদ ছেড়ে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। ২০২৪ সালের আগস্টে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পান এবং তিনি একজন সিনিয়র সচিবের মর্যাদায় দায়িত্ব পালন করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন