রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৮:২২ পিএম

আবারও বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। বিচ্ছেদের মাসখানেক পরেই এই দম্পতি আবারও একসঙ্গে হলেন।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাবিকুন নাহার নিজেই তার ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে সাবিকুন নাহার আবু ত্বহার সঙ্গে আলাদা হয়ে ফের কীভাবে একসঙ্গে হলেন, সে বিষয়ে বিস্তারিত লিখেছেন। তিনি এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূলত তাদের দুই সন্তান—উসমান ও আয়িশার—আবেগ ও অস্থিরতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি লেখেন:প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে! বাবা যাবো! বাবা গাড়ি! বাবা কই? শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। উসমানও মাকে পাচ্ছে না... আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। উসমান ও আয়িশা তাদের বাবা মাকে ফিরে পেয়েছে!

সাবিকুন নাহার স্বীকার করেন, তাদের ভুল ছিল এবং কিছু ভুল বুঝেছেন, বুঝানোও হয়েছে। তিনি লিখেছেন, দুরাচার শয়তান সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সব ভুল বোঝাবুঝি কাটিয়ে তিনি তার ‘মোহাব্বত, আমার আত্মা, সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছেন’।

তিনি আবু ত্বহার কাছে তার কষ্টের জন্য ক্ষমা চেয়েছেন এবং তার ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহর কাছে দোয়া করেছেন। সাবিকুন নাহার সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।