রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেখ হাসিনার আমলের নির্বাচনকে ‘তামাশা’ বললেন প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:২৮ পিএম

শেখ হাসিনার আমলের নির্বাচনকে ‘তামাশা’ বললেন প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানে সদ্য পতিত শেখ হাসিনার সরকারের আমলের নির্বাচনগুলোকে 'তামাশার নির্বাচন' হিসেবে উল্লেখ করে আগামী ঐতিহাসিক নির্বাচনে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস স্পষ্ট করে বলেন, নির্বাচন বলতেই আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখতে বাধ্য হই, যেখানে প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, কিংবা তামাশার নির্বাচন—এই বিশেষণগুলোই চট করে সবার মনে আসে।

তিনি উল্লেখ করেন, সেই স্থান থেকে আমাদের সকলকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেই দূরত্বটুকু অতিক্রম করা এখন সময়ের দাবি।পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা জানান, গণঅভ্যুতত্থান পরবর্তী এই ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতেই দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাকে নির্বাচন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল দায়িত্ব পালনে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব না থাকে।

কারণ, তিনি মনে করেন, নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। দৈবচয়নের পদ্ধতিটি এসেছে যেন কারো মধ্যে কোনো রকমের পক্ষপাতিত্ব না ঢুকতে পারে। ড. মুহাম্মদ ইউনূস পুলিশ কর্মকর্তাদের মনে করিয়ে দেন, আপনারা সাধারণত রুটিন দায়িত্বই পালন করে থাকেন, কিন্তু এবারের দায়িত্ব কেবল সাধারণ নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন।

তিনি প্রত্যাশা করেন, এই নির্বাচনটি যেন ইতিহাস স্মরণ করে এবং বাইরের যারা পরিদর্শন করতে আসবেন, পর্যবেক্ষক আসবেন, তারা যেন ভুল ধরার সুযোগ না পান। প্রধান উপদেষ্টা দৃঢ়তার সাথে বলেন, এবারের নির্বাচনগুলো এমন নির্বাচন হবে, যা দেখে তারা স্মরণ করবে—বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এবং তারা নানা দেশে এটি দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে। তাদের মাথায় বারে বারে এই কথাটি আসবে যে, 'এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি'।

তিনি এই বিষয়টিকে পুনর্ব্যক্ত করে বলেন, এটা সাধারণ কোনো নির্বাচন নয়, যা পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছিলেন এবং আমরা যারা এর সঙ্গে যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র। এই নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদের সফলভাবে করে যেতে হবে।