ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:৫৫ পিএম
বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে তার পদ থেকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এই পদক্ষেপ নিয়েছেন এবং সরকারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে এই নোটিশটি প্রেরণ করেছেন।
যে চারজন কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন—প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং আইন সচিব। এই আইনি নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে যে, নোটিশটি হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে তাকে অপসারণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।লিগ্যাল নোটিশ পাঠানো এই তিন আইনজীবী হলেন অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন এবং অ্যাডভোকেট মো. আতিকুর রহমান। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য আইজিপি বাহারুল আলমসহ মোট পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে। দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার নাম এমন একটি স্পর্শকাতর প্রতিবেদনে আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে কিছু নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে।
বিশেষ করে, তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে। সরকারের পতনের পর এই অবস্থায় একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় তার ভাগ্যে কী ঘটতে পারে, তা নিয়ে এখন প্রশাসনের উচ্চ পর্যায়ে ও রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে। সরকার এই লিগ্যাল নোটিশ পাওয়ার পর নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেই দিকেই এখন সকলের দৃষ্টি নিবদ্ধ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন