ডিসেম্বর ৭, ২০২৫, ০৩:১৪ পিএম
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ সাবেক ও বর্তমান ১৩ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করেছে প্রসিকিউশন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের শুনানির জন্য আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিন ধার্য করেছেন।আজ রোববার ট্রাইব্যুনাল-এক এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার লোকদের তুলে নিয়ে গুম-নির্যাতনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন।
একইসাথে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতাও সামনে আনেন। এই সব ঘটনায় পাঁচটি অভিযোগ এনে এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠন বা বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর।
পরে স্টেট ডিফেন্স এবং গ্রেপ্তার তিন আসামির পক্ষে সময় চাওয়া হলে শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। উপস্থিত তিন আসামির পক্ষে আদালতে আবেদন করেন আজিজুর রহমান দুলু। জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ মামলায় আইন-আদালত এর পরবর্তী সিদ্ধান্তের দিকে সারাদেশের মানুষের নজর রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন