ডিসেম্বর ১০, ২০২৫, ০৭:৫১ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের একদিন পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার সকল সম্পদের হিসাব ও কূটনীতিক পাসপোর্ট জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলমের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের পর দ্রুততম সময়ে তার দায়িত্বকালীন সময়ের সম্পদের হিসাব এবং সরকারিভাবে পাওয়া কূটনীতিক পাসপোর্ট জমা দেওয়ার মাধ্যমে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ তৈরি করলেন বলে মনে করছেন অনেকে।
সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে একাধিক প্রশ্ন আসে। এসব প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনের বিষয়ে তার আগ্রহ স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমি নির্বাচন করবো, এটা স্পষ্টভাবেই বলা যায়।’ তবে ঠিক কোথা থেকে নির্বাচন করবেন এবং কোন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের অধীনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেই বিষয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দিতে চাননি।
তিনি বলেন, ‘কোথা থেকে করবো, কোন দল থেকে করবো, সেটা পরবর্তী বিশ্লেষণ।’ তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র সমাজের এই প্রতিনিধি এখন আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করতে প্রস্তুত এবং সংসদ নির্বাচনে অংশ নিতে চান। আপাতত নির্বাচনকে সামনে রেখে তিনি কৌশলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন