ডিসেম্বর ১১, ২০২৫, ১১:০৯ এএম
স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না করার প্রতিবাদে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে শুক্রবার থেকে মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা বন্ধ থাকবে।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মচারীরা এই কঠোর কর্মসূচির কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীসেবা বন্ধ রাখার পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।
কেন এই কর্মবিরতি? ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠিত হওয়ার পর ১২ বছর পার হলেও প্রতিষ্ঠানটির ৯০০-এর বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। কর্মচারীদের অভিযোগ, ২০২২ সালে মেট্রোরেল চালুর পর থেকে তারা দিন-রাত সেবা দিয়ে গেলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, ওভারটাইম এবং গ্রুপ ইনস্যুরেন্সের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল হওয়ার কথা ছিল। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আন্দোলনের মুখে কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে তা চূড়ান্ত করার আশ্বাস দেয়। কিন্তু দীর্ঘ ৯ মাসেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ দানা বেঁধেছে কর্মীদের মধ্যে।
সংকটের মূল কারণ: গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কর্মচারীদের বৈঠকে জানানো হয়, সার্ভিস রুলের ‘বিশেষ বিধান’ সংক্রান্ত একাদশ অধ্যায়টি চূড়ান্ত অনুমোদনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিধানে মেট্রোরেল প্রকল্পসমূহের জনবলকে ডিএমটিসিএলে আত্তীকরণ (Absorption) করার বিষয়টি জড়িত। কর্মচারীদের দাবি, এই আত্তীকরণ প্রক্রিয়া বাংলাদেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।
বিক্ষুব্ধ কর্মচারীরা জানান, পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে দাবি মানা হয়নি। তাই আজ বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে সমস্যার সমাধান না হলে শুক্রবার ভোর থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন