ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:৪৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ওসমান হাদির বোন মাসুমা আবেগাপ্লুত হয়ে ওসমান হাদিসহ অন্যান্য জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে প্রধান উপদেষ্টার প্রতি জোর আহ্বান জানান।
শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,সারাদেশ তার জন্য দোয়া করছে।
তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে।”প্রধান উপদেষ্টা আরও জানান, এমন নৃশংস হামলার সাথে জড়িতদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।ওসমান হাদির বোন মাসুমা বলেন, “ওর অনেক কাজ, ওকে বেঁচে থাকতে হবে।
আপনারা বিপ্লবী সরকার, যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।”মাসুমা জানান, ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসতেন এবং বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসতেন। তার ১০ মাসের একটি ছোট সন্তান রয়েছে।ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের পরও ওসমান হাদি মাঠে ছিলেন এবং জুলাই বিপ্লবকে ধারণ করতেন। তিনি হামলাকারী জামিন পাওয়া ব্যক্তিকে তদন্তের আওতায় আনার দাবি জানান।
ফাতেমা তাসনিম জুমাও জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন