ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৪৪ পিএম
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৭ ডিসেম্বর) এই তলব প্রক্রিয়ার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে ভারত জানিয়েছে, বাংলাদেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। বিশেষ করে ‘কিছু চরমপন্থী গোষ্ঠীর’ কর্মকাণ্ডের দিকে হাইকমিশনারের মনোযোগ আকর্ষণ করা হয়েছে।
দিল্লির অভিযোগ, এই গোষ্ঠীগুলো ঢাকায় অবস্থিত ভারতীয় মিশন ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ‘ন্যারেটিভ’ বা বয়ান তৈরির চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। ভারত দুঃখ প্রকাশ করে জানায়, অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনও পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে কোনো অর্থবহ তথ্য-প্রমাণ বিনিময় করেনি।প্রতিবেশী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে বলে, “বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যার ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের সময়কার সংগ্রামে।
ভারত বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আছে।সেই সাথে তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করে।কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও পোস্টগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।উল্লেখ্য, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তখন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সহযোগিতা এবং সন্দেহভাজনদের দ্রুত গ্রেফতার ও ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছিল। এর কয়েক দিন পরেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত।বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব কূটনৈতিক সম্পর্কের বর্তমান শীতল অবস্থাকেই নির্দেশ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন