সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মামলা না থাকলেও ‍`আওয়ামী সন্ত্রাসীদের‍‍`গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১৫ পিএম

মামলা না থাকলেও ‍`আওয়ামী সন্ত্রাসীদের‍‍`গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা না থাকলেও তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্দেশ অমান্য করে সন্ত্রাসীদের আড়াল করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনে এক অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের সামনেই তিনি এই নির্দেশনা দেন।

এর আগে দুপুরে জেলা ও শিল্প পুলিশকে গাড়ি উপহার দেওয়ার এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় উপদেষ্টার পথ আটকান ছাত্রনেতারা।

জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি ও এনজিবিসহ বিভিন্ন সংগঠনের নেতারা সাত দফা দাবি পেশ করেন। তাঁদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো:জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার।আওয়ামী লীগ ও ওসমান পরিবারের সন্ত্রাসী ও সহযোগীদের গ্রেফতার।ওসমান হাদির ওপর হামলার মূল আসামিকে দ্রুত গ্রেফতার।থানা ও আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা।

সাক্ষাৎকালে ছাত্রনেতারা অভিযোগ করেন, পুলিশ ‘মামলা নেই’ অজুহাতে অনেক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করছে না। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে সামনে ডেকে নির্দেশ দেন:আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা আছে কি না—সেইটা দেখার কোনো ব্যাপার নেই। তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবা। আর আইনের আওতায় না আনতে পারলে তোমাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া চেয়ে উপদেষ্টা জানান, মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করা সম্ভব না হলেও তাঁর ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সহযোগীকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়াও নির্বাচনে অংশগ্রহণ এবং সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দেশে নিরাপত্তার কোনো সংকট নেই এবং নির্বাচনে অংশ নেওয়া যে কারো ব্যক্তিগত সিদ্ধান্ত।উপদেষ্টার এই কড়া নির্দেশনার পর জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, সন্ত্রাসীদের গ্রেফতারে তাঁদের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম ইতোমধ্যেই জোরদার করা হয়েছে।