সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:১২ পিএম

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

একই সঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার হাসপাতালে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদিকে সশরীরে দেখে আসেন।

এরপর রাত ৯টা ৪০ মিনিটে তিনি সরাসরি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন।ফোনালাপে ড. ভিভিয়ান হাদির বর্তমান চিকিৎসা পরিস্থিতি এবং তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।হাদির জীবন সংকটের সংবাদ পেয়ে প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দেশের জনগণকে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করতে এবং শান্ত থেকে হাদির জন্য প্রার্থনা করতে বলেছেন। বিজ্ঞপ্তিতে তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকাকালীন সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে (Life Support) রয়েছেন বলে জানা গেছে।