সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির মৃত্যুতে শাহবাগে হাজারো মানুষের শোক মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৬ পিএম

হাদির মৃত্যুতে শাহবাগে হাজারো মানুষের শোক মিছিল

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পরপরই রাজধানীর শাহবাগে শোক মিছিল ও বিক্ষোভের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর এই মিছিলটি শাহবাগ চত্বর ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

শোক মিছিলে অংশগ্রহণকারী ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’খুনিদের ফাঁসি চাই’ এবং আধিপত্যবাদ বিরোধী নানা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। তাঁর চিকিৎসক ও ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য ডা. আব্দুল আহাদ জানান, সিঙ্গাপুরের নিউরো সার্জিক্যাল টিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে হাদিকে ‘শহীদ’ অভিহিত করে বলা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালীন মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত হাদিকে খুব কাছ থেকে গুলি করে। গুলিটি তাঁর মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায় এবং বুলেটের কিছু অংশ মস্তিস্কে আটকে থাকে। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এক সপ্তাহের লড়াই শেষে আজ চিরবিদায় নিলেন এই তরুণ নেতা।

শাহবাগে উপস্থিত আন্দোলনকারীরা জানিয়েছেন, হাদির মরদেহ দেশে না আসা পর্যন্ত এবং খুনিদের গ্রেফতার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে।