শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সবাইকে শান্ত থাকার আহ্বান পিনাকী ভট্টাচার্যের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:১১ এএম

সবাইকে শান্ত থাকার আহ্বান পিনাকী ভট্টাচার্যের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়াণের পর রাজধানীতে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার এবং সব ধরণের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কারওয়ান বাজারে বিভিন্ন সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

এই প্রেক্ষাপটে পিনাকী ভট্টাচার্য লেখেন:ডেইলি স্টার ভবনে অনেক সাংবাদিক আটকা পড়েছেন। সেনাবাহিনীকে সবাইকে উদ্ধার করতে দিন। সবাই শান্ত থাকুন। সকল প্রকার হঠকারী কাজ থেকে বিরত থাকুন। আমাদের রাজনৈতিক লড়াই দীর্ঘ।”

পিনাকী ভট্টাচার্য তাঁর বার্তায় বিশেষ জোর দিয়েছেন যাতে সাধারণ জনতা উত্তেজিত হয়ে কোনো ধরনের সহিংসতায় লিপ্ত না হয়। তিনি মনে করিয়ে দেন যে, বর্তমান রাজনৈতিক পরিবর্তন এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কোনো সাময়িক হঠকারী পদক্ষেপ যেন বড় ধরণের লক্ষ্য অর্জনে বাধা হয়ে না দাঁড়ায়, সেই ইঙ্গিতই দিয়েছেন এই বিশ্লেষক।

ডেইলি স্টার কার্যালয়ে সাংবাদিকরা আটকা পড়ার ঘটনায় তিনি সেনাবাহিনীকে যথাযথভাবে কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকীর এই আহ্বান ব্যাপক প্রচার পাচ্ছে এবং তাঁর অনুসারীদের অনেকেই এই মুহূর্তে আইন হাতে তুলে না নেওয়ার পক্ষে মত দিচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাত থেকেই উত্তেজনা বিরাজ করছে।