ডিসেম্বর ১৯, ২০২৫, ০১:২৭ পিএম
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বৃহস্পতিবার রাতে সংঘটিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।টেলিফোন আলাপে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।
হামলার ঘটনাকে ‘বর্বরোচিত’ ও ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন:আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।
দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা।ড. মুহাম্মদ ইউনূস সম্পাদকদ্বয়কে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং এই দুঃসময়ে সরকার তাঁদের পাশে আছে। তিনি পত্রিকা দুটির কার্যালয় ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরণের প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা আরও জানান যে, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরই তিনি সম্পাদকদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন।উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকা দুটির কার্যালয় লক্ষ্য করে একদল উত্তেজিত জনতা বিক্ষোভ ও হামলা চালায়। এতে ভবনের ক্ষয়ক্ষতিসহ সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রধান উপদেষ্টার এই ফোন কল ও সংহতি প্রকাশের বিষয়টিকে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশিষ্টজনরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন