বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৬:০১ পিএম

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অকুতোভয় বীর শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে হাদির মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে।

সেখানে তাঁর সহযোদ্ধা, শিক্ষার্থী এবং সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। এর আগে, বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো ছাত্র-জনতা সুশৃঙ্খলভাবে প্রিয় এই নেতাকে স্বাগত জানান।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাদি শাহাদাত বরণ করেন। তাঁর মৃত্যুতে আজ সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) তাঁর স্মরণে দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

আজ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সর্বসাধারণের শ্রদ্ধা।

আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কেন্দ্রীয় জানাজা অনুষ্ঠিত হবে।

 জানাজা শেষে মরদেহ তাঁর জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ হাদির অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘাতকদের বিচারের আওতায় আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।