ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:৫৮ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা-উপজেলায় শোক ও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন হাজার হাজার ছাত্র-জনতা। জুমার নামাজের পর এই জমায়েত বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম ঘোষণা দেন, আজ থেকে শাহবাগের নাম হবে ‘শহীদ ওসমান হাদি চত্বর’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, খুনিদের বিচার নিশ্চিত করতে না পারলে চেয়ার ছেড়ে দিন।
শাহবাগ ছাড়াও বায়তুল মোকাররম, উত্তরা এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ছাত্রদল শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। দাবিতে হাদি হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্তকরণ এবং রাজনৈতিক কর্মীদের নিরাপত্তার রাষ্ট্রীয় নিশ্চয়তা চাওয়া হয়। এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাজশাহী: শিক্ষার্থীদের বিক্ষুব্ধ মিছিলের মুখে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বান্দরবান: সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের বাসভবনে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করতে হয়।
ঝিনাইদহ: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা চত্বর’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি চত্বর’ রাখা হয়েছে।
হাতিয়া: উত্তেজিত জনতা হাতিয়া থানা ঘেরাও করে দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শন করে।
হাদির স্মরণে লক্ষ্মীপুর ও নওগাঁয় কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাগুরা, ফেনী, খুলনা, নীলফামারী, রংপুরসহ দেশের অন্তত ৩০টি জেলায় গায়বানা জানাজা ও মানববন্ধন পালিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সার্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে ‘জুলাইবিরোধী’ শক্তিগুলো যেন নাশকতা করতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো হঠকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন