সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির খুনিকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিল ইনকিলাব মঞ্চ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:০২ পিএম

হাদির খুনিকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিল ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি জানাতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না জানালে আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় আবারও শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির দাফন সম্পন্ন হওয়ার পর হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন। ‘হাদি, হাদি’ এবং ‘খুনিদের ফাঁসি চাই’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে হাদির সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদ করেন।

সমাবেশ থেকে বিক্ষোভকারীরা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাবে ইনকিলাব মঞ্চ।ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি।

আমরা দাবি করছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে সপ্তাহব্যাপী তাঁদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে জানাতে হবে।”তিনি আরও জানান, কোনো ধরনের উসকানি বা বিচ্ছিন্ন সহিংসতায় কান না দিয়ে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই রাজপথে চলবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।