সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সুদানে নিহত ৬ সেনার জানাজা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ১০:০১ এএম

সুদানে নিহত ৬ সেনার জানাজা অনুষ্ঠিত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসী হামলায় শাহাদাৎ বরণকারী ৬ বাংলাদেশি সেনাসদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত সেনাসদস্যরা হলেন:

কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর)

সৈনিক শামীম রেজা (রাজবাড়ি)

সৈনিক মোঃ মমিনুল ইসলাম (কুড়িগ্রাম)

সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম)

মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)

লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)

জানাজার পূর্বে শহীদদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পড়ে শোনানো হয়। জানাজা শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাঁদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে তিন বাহিনীর প্রধানগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সালাম প্রদানের মাধ্যমে নিহত বীরদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, শনিবার বেলা ১১টা ৫ মিনিটে শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহগুলো গ্রহণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন ও স্যালুট প্রদর্শনের মাধ্যমে তাঁদের সম্মান জানানো হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এতে বাংলাদেশের ৬ জন বীর সন্তান শাহাদাৎ বরণ করেন এবং ৯ জন আহত হন। বর্তমানে কেনিয়ায় চিকিৎসাধীন ৮ জনসহ আহত সকল সেনাসদস্যই শঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর। জানাজা শেষে শহীদদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পরিবারের কাছে পাঠানো হয়েছে, যেখানে তাঁদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।