সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিল্লিতে হামলার বিষয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১১ পিএম

দিল্লিতে হামলার বিষয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল ঢাকা

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রপন্থী গোষ্ঠীর হামলার চেষ্টা এবং এ বিষয়ে ভারতের দেওয়া প্রেসনোট বা বক্তব্যকে পুরোপুরি প্রত্যাখ‍্যান করেছে ঢাকা। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ প্রতিক্রিয়া জানান।

তিনি স্পষ্ট করে বলেন, হাইকমিশনের মতো স্পর্শকাতর এলাকায় উগ্রপন্থীদের এই ধরণের জমায়েত কোনোভাবেই সাধারণ ঘটনা নয়।

পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তোলেন, দিল্লির বাংলাদেশ মিশন কোনো সীমান্তবর্তী এলাকায় নয় বরং কূটনৈতিক জোনের অনেক গভীরে অবস্থিত। তিনি বলেন, “২৫ জনের একটি চরমপন্থী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কেন আসতে পারবে? এর মানে হলো তাদের আসতে দেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, বিক্ষোভকারীরা কেবল ময়মনসিংহের ঘটনার প্রতিবাদই জানায়নি বরং তারা আরও অনেক আপত্তিকর কথা বলেছে। হাইকমিশনারকে হত্যার হুমকির বিষয়ে তিনি বলেন, “আমাদের কাছে ভিডিও প্রমাণ না থাকলেও আমরা শুনেছি যে তাকে এমন হুমকি দেওয়া হয়েছে।তৌহিদ হোসেন আরও বলেন যে, ময়মনসিংহের হত্যাকাণ্ডটি ছিল একজন বাংলাদেশি নাগরিকের নৃশংস মৃত্যু এবং এর সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকে জড়িয়ে ভারতের উদ্বেগ প্রকাশের কোনো যৌক্তিকতা নেই।

তিনি মনে করিয়ে দেন যে, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ওই ঘটনায় ত্বরিত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করেছে। উপদেষ্টার মতে, এই ধরণের ঘটনা পুরো দক্ষিণ এশিয়াতেই ঘটে, তাই এটি নিয়ে অযৌক্তিক ইস্যু তৈরির চেষ্টা কাম্য নয়।বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কূটনৈতিক মিশনের ভেতরে কর্মকর্তাদের পরিবার বাস করে। উগ্রপন্থীদের এমন আচরণে তারা আতঙ্কিত হয়েছেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভারত সরকারের দায়িত্ব। প্রয়োজন হলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার জন্য দিল্লিকে চাপ দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।