সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

অনুদান চাই না, হাদির অসমাপ্ত বিপ্লবের সমাপ্তি চাই

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৩১ পিএম

অনুদান চাই না, হাদির অসমাপ্ত বিপ্লবের সমাপ্তি চাই

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদির পরিবার কোনো ধরণের আর্থিক সহযোগিতা বা অনুদান চায় না। তারা কেবল হাদির অসমাপ্ত বিপ্লবের সফল সমাপ্তি দেখতে চায়।

রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শরিফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন হাদির বড় ভাই ওমর হাদি।

দোয়া মাহফিলে আবেগঘন বক্তব্যে ওমর হাদি বলেন, “আমরা শহীদ ওসমান হাদির পক্ষ থেকে কোনো আর্থিক সহযোগিতা চাই না।

কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন।” এ সময় তিনি হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে একটি প্রতিশ্রুতি চান। তিনি বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত যেন কেউ শান্ত না হন—এটাই ছিল হাদির রাজনৈতিক ও বিপ্লবী আন্দোলনের মূল লক্ষ্য।

ওমর হাদি আরও উল্লেখ করেন যে, ওসমান হাদির মৃত্যু কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো ইনকিলাব মঞ্চের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার শাহাদাতের পর পরিবার ও সংগঠনের সদস্যরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। হাদি যে বিপ্লবী চেতনার বীজ বুনে গেছেন, দেশের মানুষকে সেই আন্দোলনকে সফল করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবে হাদির সাহসী ভূমিকা স্মরণ করেন এবং তাকে হত্যার পেছনের কুশীলবদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।