ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:৫১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আগ্রহী দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য আবেদনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন আগ্রহী সংস্থাগুলো। রোববার (২১ ডিসেম্বর) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন সংসদীয় আসনভিত্তিক বা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করতে ইচ্ছুক সংস্থাগুলোকে আগে ২১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।
তবে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশন আবেদনের সময়সীমা আরও ৮ দিন বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে।ইসির জনসংযোগ বিভাগ আরও জানিয়েছে, যেসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমিশনের অনুমতি পাবে, তাদের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য পরিচয়পত্র ও গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরবরাহ করা হবে। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকারী পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
পরিচয়পত্র ও স্টিকার সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্তারোপ করেছে ইসি। অনুমোদিত পর্যবেক্ষকদের অবশ্যই তাদের এইচএসসি বা সমমানের পরীক্ষার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ইসির নির্ধারিত অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পর্যবেক্ষকদের এই অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করছে নির্বাচন কমিশন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন