বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৯ পিএম

দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করল সরকার

জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হওয়ায় দেশের সব বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক তথ্য বিবরণীর মাধ্যমে এই কড়া নির্দেশনার কথা জানানো হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের এক পত্রে জানিয়েছে, ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’ অনুযায়ী বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন আগে থেকেই নিষিদ্ধ।

কিন্তু সম্প্রতি গত ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে ড্রোন উড়িয়ে ভিডিও ধারণ করে।

এ ধরনের কর্মকাণ্ড বিমান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করায় নতুন করে এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।২৫ ডিসেম্বর ঘিরে বিশেষ সতর্কবার্তা: এদিকে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথক দুটি জরুরি নির্দেশনা জারি করেছে:

১. দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ: বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে নির্ধারিত যাত্রী ছাড়া সব ধরনের সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। ২. যানজট সতর্কতা: বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং ৩০০ ফিট এলাকায় তীব্র যানজটের সম্ভাবনা থাকায় যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে বিমান।

বেবিচক স্পষ্টভাবে জানিয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোনের মতো কোনো রিমোট কন্ট্রোল চালিত যন্ত্র উড্ডয়ন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।