ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৩৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার কাজে প্রয়োজনীয় আইনি সহযোগিতার জন্য অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় একজন ‘স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজর’ নিয়োগ দিয়েছে সরকার। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডভোকেট এহসানুল হক সমাজী এই মামলার তদন্ত কর্মকর্তা এবং পরবর্তীতে আদালতে বিচারকালে প্রসিকিউশন টিমকে প্রয়োজনীয় আইনি পরামর্শ প্রদান করবেন।
তাঁর এই নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার সমান, অর্থাৎ তিনি সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সমপরিমাণ সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ ঘটনায় গত ১২ ডিসেম্বর ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) রুজু করা হয়।
বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার মামলাটি দ্রুত তদন্ত ও দ্রুততম সময়ে বিচার শেষ করার উদ্যোগ নিয়েছে। অভিজ্ঞ আইনজীবী সমাজীর অন্তর্ভুক্তি এই বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আইনিভাবে মজবুত করবে বলে মনে করা হচ্ছে।ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন