শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

বোয়িং থেকে ১৪টি বিমান কিনছে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৬:৪৬ পিএম

বোয়িং থেকে ১৪টি বিমান কিনছে সরকার

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি বিমান কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ড সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। এর ফলে বোয়িংয়ের কাছ থেকে বিমান ক্রয় নিয়ে মূল্য ও শর্তাবলি সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনার পথ প্রশস্ত হলো।

বোয়িং কোম্পানির পাঠানো সংশোধিত প্রস্তাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিচের মডেলের উড়োজাহাজগুলো কেনার পরিকল্পনা করছে:

বোয়িং ৭৮৭-৯: ২টি

বোয়িং ৭৮৭-১০: ৮টি

বোয়িং ৭৩৭-৮: ৪টি

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই উদ্যোগের পেছনে বাণিজ্যিক প্রয়োজনের পাশাপাশি গভীর কূটনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক সংক্রান্ত দ্বিপক্ষীয় বোঝাপড়ায় বোয়িং থেকে এই বড় ক্রয়াদেশ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিঘিকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, বোর্ডের এই অনুমোদন চূড়ান্ত চুক্তির আগে আলোচনার একটি সূচনা মাত্র। চুক্তি স্বাক্ষরের আগে বিমান কোনো আর্থিক বা আইনি দায়বদ্ধতায় থাকবে না। দ্রুতই একটি কমিটি গঠন করা হবে যারা বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে দরদাম ও অন্যান্য শর্ত নিয়ে আলোচনা করবে।

উল্লেখ্য, গত বছর বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছিলেন যে বাংলাদেশ মোট ২৫টি বিমান কেনার অর্ডার দেওয়ার পরিকল্পনা করছে। সরকারের এই বোয়িং প্রীতির মাঝে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বিক্রির জন্য ইউরোপের কূটনীতিকরা ব্যাপক তৎপরতা শুরু করেন। এমনকি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গেও এ বিষয়ে কূটনৈতিক আলাপ হয়েছে। তবে আপাতত বোয়িংয়ের দিকেই পাল্লা ভারী বলে মনে হচ্ছে।

বিমান বহরে নতুন এই উড়োজাহাজগুলো যুক্ত হলে আন্তর্জাতিক রুটে বিমানের সক্ষমতা ও সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।