বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ দিলে কী হবে, জানাল সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৮:০১ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ দিলে কী হবে, জানাল সরকার

‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের গণভোট নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের গুরুত্ব ও ফলাফল তুলে ধরে একটি বিশেষ লিফলেট প্রকাশ করা হয়েছে।

এতে দেশের শাসনব্যবস্থা ও সংবিধানে কী ধরনের পরিবর্তন আনা হবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে যা সাধারণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

প্রকাশিত লিফলেটে ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে ‘হ্যাঁ’ ভোট দিলে কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত করা হবে।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ ভূমিকা থাকবে এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিধান রাখা হয়েছে। লিফলেটে বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে যুক্ত করে তা কখনো বন্ধ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

লিফলেটে আরও জানানো হয় যে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির একক ক্ষমায় মুক্তি দেওয়া বন্ধ হবে এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান স্থায়ী করা হবে।

অন্যদিকে ‘না’ ভোট জয়ী হলে বিদ্যমান ব্যবস্থাই বহাল থাকবে এবং এই পরিবর্তনগুলো কার্যকর হবে না। সরকার পরিবর্তনের এই চাবি জনগণের হাতে তুলে দিতেই এই গণভোটের আয়োজন করছে। বিস্তারিত তথ্য জানতে www.gonovote.gov.bd ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।