রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ১১:২৪ পিএম

অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য নতুন সিদ্ধান্ত সরকারের

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিত এবং টিকিটের কৃত্রিম সংকট রোধে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধ্যাদেশ জারি করেন, যার গেজেট শুক্রবার প্রকাশিত হয়েছে।

নতুন এই সংশোধনীতে অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য ব্যাংক গ্যারান্টির পরিমাণ ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে অফলাইন এজেন্সির জন্য তা ১০ লাখ টাকা।

নতুন অধ্যাদেশে ‘ফলস বুকিং’ বা ভুয়া আসন সংরক্ষণের মাধ্যমে টিকিটের সংকট তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া কোনো ট্রাভেল এজেন্সি অন্য এজেন্সির কাছে টিকিট ক্রয়-বিক্রয় (বিটুবি) করতে পারবে না এবং সরকার নির্ধারিত আর্থিক মাধ্যম ছাড়া অন্য কোনো উপায়ে লেনদেন করা যাবে না। বিশেষ করে অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় টিকিট নিশ্চিত হওয়ার পর যাত্রীর তথ্য পরিবর্তন করাকেও এখন অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আইন লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির বিধানও কঠোর করা হয়েছে। কোনো এজেন্সি বা ব্যক্তি এই বিধান অমান্য করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া বড় ধরনের প্রতারণা রোধে সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। নতুন নিয়মে প্রতি ৩ বছর পরপর নিবন্ধন নবায়ন করতে হবে এবং ঋণ খেলাপি কোনো ব্যক্তি ট্রাভেল এজেন্সির নিবন্ধনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।