জানুয়ারি ৫, ২০২৬, ১১:৩৪ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। এ সময় তিনি নির্বাচন ভবনে স্থাপিত মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের সংক্রান্ত কার্যক্রম তদারকি করেন।
১০টি বুথে আপিল দায়েরের এলাকা বিভাজন: আপিল প্রক্রিয়া সহজ করতে নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। প্রার্থী বা তাদের প্রতিনিধিরা ৫ থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত বুথে আপিল করতে পারবেন।
১নং বুথ: খুলনা অঞ্চল (মেহেরপুর, কুষ্টিয়া, যশোরসহ ১০ জেলা)।
২নং বুথ: রাজশাহী অঞ্চল (বগুড়া, রাজশাহী, পাবনাসহ ৮ জেলা)।
৩নং বুথ: রংপুর অঞ্চল (পঞ্চগড়, দিনাজপুর, রংপুরসহ ৮ জেলা)।
৪নং বুথ: চট্টগ্রাম অঞ্চল (চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য জেলাসমূহ)।
৫নং বুথ: কুমিল্লা অঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালীসহ ৬ জেলা)।
৬নং বুথ: সিলেট অঞ্চল (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ)।
৭নং বুথ: ঢাকা অঞ্চল (টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ ৮ জেলা)।
৮নং বুথ: ময়মনসিংহ অঞ্চল (জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা)।
৯নং বুথ: বরিশাল অঞ্চল (বরগুনা, পটুয়াখালী, বরিশালসহ ৬ জেলা)।
১০নং বুথ: ফরিদপুর অঞ্চল (রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর)।
আপিল দায়েরের নিয়মাবলী: ইসি সচিবালয় জানিয়েছে, আপিল আবেদন কমিশন সচিবালয়ের সচিবের কাছে নির্ধারিত ফরমেটে দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ আদেশের সত্যায়িত কপি এবং আপিলের কারণ সংবলিত বিবৃতি জমা দিতে হবে। প্রতিটি আপিল আবেদনের ১টি মূল কপিসহ মোট ৭টি কপি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচি:
আপিল দায়ের: ৫ থেকে ৯ জানুয়ারি (বিকেল ৫টা পর্যন্ত)।
আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি।
ভোটগ্রহণ ও গণভোট: ১২ ফেব্রুয়ারি ২০২৬।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে, তার চূড়ান্ত পরিসংখ্যান আজ রাতেই প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় সব আপিল নিষ্পত্তি করা সম্ভব হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন