সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৩১ পিএম

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে দীর্ঘস্থায়ী ক্ষমতা কুক্ষিগত করার সংস্কৃতি এবং ফ্যাসিবাদ তৈরির পথ গণভোটের মাধ্যমেই বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন বিগত ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসলে নানা কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছে।

গণভোট এই অবস্থার আমূল পরিবর্তন ঘটাবে।সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, গণভোটের মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে তত্ত্বাবধায়ক সরকার।

নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করার সুযোগ পাবে। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন এবং এর দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ককে শক্তিশালী করার তাগিদ দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশে শেখ হাসিনার মতো আর কোনো ফ্যাসিস্ট তৈরি হওয়ার সুযোগ থাকবে না।

আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে, তা এই গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমাম ও আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ এবং ধর্মসচিব মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে সারাদেশের বিশিষ্ট আলেম-ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।বক্তারা একমত পোষণ করেন যে, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটই পারে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের গণতান্ত্রিক সংকট নিরসন করতে।