বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবি’র চার্জশিট

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৫৪ পিএম

হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবি’র চার্জশিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি জানান এই হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ডিবি প্রধান বলেন তদন্ত প্রক্রিয়ায় আসামিদের সংশ্লিষ্টতা এবং হত্যাকাণ্ডের পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিটি আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই তাদের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে শরিফ ওসমান বিন হাদি হত্যার পর থেকেই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। পুলিশের এই চার্জশিট দাখিলের মাধ্যমে মামলার বিচার প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এখন আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করবেন এবং আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু হবে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে এই মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত সম্পন্ন করেছে যাতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়।