রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৬:১৮ পিএম

ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী কে এই বাপ্পি?

রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারীর নাম প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।

যে পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সরাসরি পরিকল্পনা ও নির্দেশনায় এই হত্যাকাণ্ড ঘটে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান রাজনৈতিক প্রতিহিংসাই ছিল এই খুনের মূল কারণ। তদন্তে দেখা গেছে শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগীকে এলাকা থেকে নিরাপদে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছিলেন এই বাপ্পি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ব্যবহৃত অস্ত্র ও গুলির ফরেনসিক পরীক্ষার মাধ্যমে হত্যাকাণ্ডে বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। মামলার ১৭ জন অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত ১২ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে মাথায় গুলি করা হয়।

এরপর ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসার পর ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্ত শুটার ফয়সাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিলেও পুলিশ বলছে তার বিরুদ্ধে প্রত্যক্ষ জড়িত থাকার সব প্রমাণ তাদের হাতে রয়েছে। এই চাঞ্চল্যকর মামলার চার্জশিট দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়ায় বড় অগ্রগতি হলো বলে মনে করছে ডিবি।