সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০২:২৮ পিএম

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। মামলার মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে চিহ্নিত ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা গেছে।

তিনি বর্তমানে ভারতের কলকাতার রাজারহাট এলাকায় আত্মগোপনে রয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, কলকাতার ওয়েস্ট বেড়াবেড়ি ও মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির একটি চারতলা ভবনের প্রথম তলার ফ্ল্যাটে বাপ্পী বসবাস করছেন।

সেখানে তিনি পুলিশ পরিচয় দিয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে অবস্থান করছেন এবং তাঁর সাথে আওয়ামী লীগের আরও চার-পাঁচজন কর্মী রয়েছেন বলে তথ্য মিলেছে।

অন্যদিকে হাদিকে সরাসরি গুলি করা খুনি ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়েও ধোঁয়াশা দূর করেছে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফয়সাল নিজেকে দুবাইয়ে অবস্থানরত বলে দাবি করলেও ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম তা নাকচ করে দিয়েছেন। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক হলেও তাঁর দুবাই অবস্থানের তথ্যটি ভুয়া।

তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে ফয়সাল ভারতেই অবস্থান করছেন। মূলত তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বিভ্রান্তি ছড়াতেই এমন ভিডিও প্রকাশ করা হয়েছে।ডিবি প্রধান জানিয়েছেন, হাদি হত্যা মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১২ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, তবে বাপ্পী ও ফয়সালসহ মোট ৫ জন আসামি এখনো পলাতক রয়েছেন।

পলাতক অন্য আসামিরা হলেন মোটরসাইকেল চালক আলমগীর শেখ, পালানোর সহায়তাকারী ফিলিফ স্নাল এবং ফয়সালের বোন জেসমিন। তদন্তে বাপ্পীকে এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ভবিষ্যতে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে হাদিকে গুলি করা হয় এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।