শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৩৯ পিএম

গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রস্তাবিত সংস্কার প্রশ্নে যে গণভোট হতে যাচ্ছে তাতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে অন্তর্বর্তী সরকার। রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস সচিব জানান গণভোটের বিষয়ে সরকারের প্রচারণা চালানোর ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম বা 'জুলাই সনদ' এর প্রশ্নে জনগণের ম্যান্ডেট নিতেই এই গণভোটের আয়োজন। যেখানে ভোটাররা চারটি সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে পারবেন।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন এবার নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। এর আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য মনে না করায় তারা পর্যবেক্ষক পাঠায়নি। প্রেস সচিব আরও দাবি করেন নির্বাচনে বর্তমানে একটি চমৎকার ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিরাজ করছে এবং সরকার কোনো বিশেষ দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।

নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে শফিকুল আলম বলেন এবারের নির্বাচনে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের সাথে সংশ্লিষ্টরা ভুল তথ্য বা 'মিসইনফরমেশন' ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক ভালো এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ নরসিংদীর মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান এটি একটি পারিবারিক কলহের জেরে ঘটা হত্যাকাণ্ড; কোনো সাম্প্রদায়িক হামলা নয়। যেকোনো স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেওয়ার আগে দেশের বিশিষ্ট ব্যক্তিসহ সবাইকে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।