জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৩৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়া ব্যাপক ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সক্রিয় সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই বিশেষ অনুরোধ জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফোনালাপে ড. ইউনূস বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, “নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক প্রকার বন্যা বইছে। এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উৎস—উভয় দিক থেকেই আসছে।
তিনি আরও উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ভুয়া খবর, গুজব ও নানান ধরনের জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরণের অপপ্রচার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনমতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।অধ্যাপক ইউনূসের উদ্বেগের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক জানান, তিনি বাংলাদেশের এই ক্রমবর্ধমান বিভ্রান্তিমূলক তথ্যের চ্যালেঞ্জ সম্পর্কে পুরোপুরি অবগত। তিনি বলেন, “ভুল তথ্যের পরিমাণ অনেক বেশি। এখন যা যা প্রয়োজন, আমরা তা করবো।
টুর্ক আশ্বস্ত করেন যে, এই ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় কারিগরি ও পর্যবেক্ষণমূলক সহায়তা প্রদান করবে।নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় নির্বাচনের আগে এ ধরণের আন্তর্জাতিক সহযোগিতা গুজব সৃষ্টিকারীদের ওপর এক ধরণের চাপ তৈরি করবে এবং ভোটারদের কাছে সঠিক তথ্য পৌঁছাতে সহায়ক হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন