জানুয়ারি ২০, ২০২৬, ১০:৪২ এএম
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের ওপর জারি করা অন অ্যারাইভাল ভিসার সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা এখন থেকে আগের নিয়মেই বিমানবন্দরে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন।
এর আগে নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতির কথা বিবেচনায় রেখে গত ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়েছিল।
ওই সময় নির্দেশ দেওয়া হয়েছিল যে, বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশিদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে অগ্রিম ভিসা সংগ্রহ করতে হবে। তবে পরিস্থিতির উন্নয়ন ও বিদেশিদের যাতায়াত সহজতর করার লক্ষে নির্ধারিত সময়ের আগেই এই স্থগিতাদেশ প্রত্যাহার করল সরকার।
এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী, পর্যটক এবং জরুরি প্রয়োজনে আসা বিদেশি নাগরিকদের ভোগান্তি লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যারা নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে আসতে চাচ্ছিলেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। উল্লেখ্য যে, বাংলাদেশে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা চালু রয়েছে, যা পুনরায় স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরে এলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন