জানুয়ারি ২৭, ২০২৬, ১০:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর বিষয়ে বড় ধরনের সুখবর আসার ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, এ বিষয়ে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ওয়াশিংটন থেকে ইতিবাচক ঘোষণা আসতে পারে।
সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) বাংলাদেশের অংশগ্রহণ ও কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লুৎফে সিদ্দিকী জানান, দাভোস সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “ওয়াশিংটন বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে যথেষ্ট আন্তরিক। বর্তমানে বহাল থাকা ২০ শতাংশ শুল্ক ঠিক কতটা কমানো হবে, তা নিয়ে এখনও আলোচনা চলছে।
তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের অশুল্কনীতির অনেক বিষয়ই বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বিশাল বাণিজ্যঘাটতি ছিল, তা অনেকটা কমে আসা বাণিজ্য বাধা কমানোর পথকে সুগম করেছে।ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বিশেষ দূত।
তিনি জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। লুৎফে সিদ্দিকী বলেন, “ইইউ বর্তমানে ভারত ও ভিয়েতনামের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে আমরা আমাদের প্রবল আগ্রহের কথা স্পষ্ট করেছি।” তিনি জানান, ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি বিশ্বমঞ্চে দেশের নতুন ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যৎ সরকারের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন