রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:২৬ পিএম

প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের টার্গেট করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের দায়িত্ব পালন শেষে সরকারি সম্মানী (Honorarium) পাইয়ে দেওয়ার নাম করে কর্মকর্তাদের কাছ থেকে ব্যক্তিগত বিকাশ বা মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের চেষ্টা করছে চক্রটি। 

এই পরিস্থিতিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতারক চক্রটি মূলত ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ (বা ০১৬১২৬৭৭০৭৮) নম্বর ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাকে ফোন দিচ্ছে। তারা নিজেদের কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সম্মানী দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। 

ইসি স্পষ্ট করে জানিয়েছে যে, ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে নিজ নিজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী সম্মানী প্রদান করা হবে। এই প্রক্রিয়ার জন্য বাইরে থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার বা ব্যক্তিগত তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই।নির্বাচন কমিশন বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে, এ ধরনের কোনো সন্দেহভাজন ফোনকলে কেউ যেন সাড়া না দেন এবং কোনোভাবেই গোপনীয় আর্থিক তথ্য বা ওটিপি (OTP) প্রদান না করেন। 

কমিশনের মতে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে কর্মকর্তাদের বিভ্রান্ত করে বড় ধরনের আর্থিক ক্ষতি বা নির্বাচনী প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই এই চক্রান্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে এই চক্রটি শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের যেকোনো তথ্যের জন্য সরাসরি রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।