সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিজয়ীদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে সরকার: ড. ইউনূস

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:২৭ পিএম

বিজয়ীদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করবে সরকার: ড. ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে নির্বাচনের পর বিজয়ীদের হাতে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি জনগণকে স্বাধীন চিত্তে নির্ভয়ে ভোট ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং স্পষ্ট করেন যে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করবে।

ভাষণে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যেন স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয় যে কোনো ধরণের বিশৃঙ্খলা, সহিংসতা, কেন্দ্র দখল বা ভয়ভীতি প্রদর্শন রাষ্ট্র সহ্য করবে না। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি জিরো টলারেন্স নীতির কথা জানান। 

ইতিহাসের শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অতীতে যারা জনগণের মতামত উপেক্ষা করে জোরজবরদস্তি করে ক্ষমতায় থাকতে চেয়েছে তারা শেষ পর্যন্ত জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। একটি ত্রুটিপূর্ণ বা সহিংস নির্বাচন দেশের জন্য সর্বনাশ ডেকে আনে—এ কথা মনে রেখে সবাইকে দায়িত্বশীল আচরণের নির্দেশ দেন তিনি।ড. ইউনূস এবারের নির্বাচনী প্রচারণার শান্তিপূর্ণ পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও দলগুলো যে সংযম দেখিয়েছে তা সত্যিই আশাব্যঞ্জক। 

তিনি বিশেষ গুরুত্বারোপ করেন দেশের তরুণ ও নারী ভোটারদের ওপর। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, গত ১৭ বছর ধরে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই তরুণ প্রজন্মের সামনে আজ ইতিহাস বদলানোর সুযোগ এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারীদের অবদানের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, নারীরাই ছিল জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা এবং অর্থনীতির মূল চালিকাশক্তি। আগামী নির্বাচনে তাদের রায়ই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন।