ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১২:৩৩ পিএম
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করতে যুগান্তকারী দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রবাসীদের সেবা সহজীকরণে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং গণপরিবহনের টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’ চালু করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই দুই ডিজিটাল পরিষেবার বিস্তারিত তুলে ধরা হয় এবং আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে এই প্ল্যাটফর্ম দুটির কারিগরি দিক ও জনকল্যাণমূলক সুবিধা সম্পর্কে অবহিত করেন। ‘শুভেচ্ছা’ অ্যাপটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি করা হয়েছে।
এর মাধ্যমে প্রবাসীরা খুব সহজেই সরকারি ১০০টিরও বেশি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া প্রবাসীদের মধ্যে পারস্পরিক নেটওয়ার্কিং জোরদার এবং দেশের উন্নয়নে তাদের সম্পৃক্ততা বাড়াতেও এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অন্যদিকে, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি ও টিকিট কালোবাজারি রোধে চালু করা হয়েছে ‘দ্রুত টিকেট’। ঈদ বা উৎসবের সময় বাস, রেল ও বিমানের টিকিট নিয়ে যে অরাজকতা তৈরি হয়, তা নিরসনে এই কেন্দ্রীয় প্ল্যাটফর্মটি কাজ করবে। এর মাধ্যমে যাত্রীরা স্বচ্ছতার সঙ্গে ঘরে বসেই নির্ধারিত ভাড়ায় টিকিট কাটতে পারবেন। অনিয়ম রোধ ও জবাবদিহি নিশ্চিত করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।
প্ল্যাটফর্ম দুটির সফল যাত্রায় সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়াই নাগরিকদের কাছে পৌঁছে যায়—এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা।” তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকার এই উদ্যোগকে আরও এগিয়ে নেবে এবং আরও বৃহৎ পরিসরে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। বিদায়ী মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন