সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

জাতীয় ডেস্ক

মার্চ ২, ২০২৬, ১০:৩৩ এএম

আজ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস

উড়ছে লাল-সবুজ পতাকা

আজ ২ মার্চ, বাংলাদেশের ইতিহাসের এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণের বটতলায় ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তৎকালীন ডাকসু ভিপি আ স ম আবদুর রব এই পতাকা উত্তোলন করেন। 

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে বাঙালি যখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই পতাকা উত্তোলন মুক্তিকামী মানুষকে নতুন প্রেরণায় উদ্দীপ্ত করেছিল।

সেদিন উত্তোলিত সেই আদি পতাকার রূপ ছিল বর্তমানের চেয়ে কিছুটা ভিন্ন। সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝে সোনালি রঙের বাংলাদেশের মানচিত্র খচিত ছিল সেই পতাকায়। ওই দিনই ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলে বাংলাদেশের নতুন পতাকা ওড়ান। 

এই সাহসী পদক্ষেপের মধ্য দিয়েই মূলত বাঙালির স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা মূর্ত হয়ে ওঠে এবং স্বাধীনতা সংগ্রামের যাত্রা আরও বেগবান হয়।বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল। ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনে তৎকালীন ডেপুটি হাইকমিশনার এম হোসেন আলী সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে এই গৌরবময় কাজটি করেন। 

আজ এই ঐতিহাসিক দিবসটি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ঐতিহাসিক কলাভবন সংলগ্ন বটতলায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পতাকা উত্তোলনের মূল কারিগর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ স ম আবদুর রবের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এই আয়োজনে অংশ নেবেন।