মার্চ ১০, ২০২৬, ১২:১৮ পিএম
স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই জনকল্যাণমূলক প্রকল্পের যাত্রা শুরু হয়। কড়াইল বস্তি সংলগ্ন এই অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ডিজিটাল কার্ড তুলে দেন।
প্রকল্পের প্রথম ধাপে দেশের বিভিন্ন প্রান্তের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে এই মাসিক ভাতার আওতায় আনা হয়েছে।সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই পাইলটিং কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শুরুতে প্রায় ৬৮ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও অত্যন্ত নিবিড়ভাবে তা যাচাই-বাছাই করা হয়েছে। তথ্য সঠিক পাওয়া গেছে এমন প্রায় ৪৮ হাজার পরিবারের মধ্যে থেকে যারা ইতিমধ্যে অন্য কোনো সরকারি সুবিধা বা পেনশন পাচ্ছেন, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
স্বচ্ছতা নিশ্চিত করার এই প্রক্রিয়ায় চূড়ান্তভাবে সাড়ে ৩৭ হাজারেরও বেশি পরিবারকে এই বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন করা হয়।প্রযুক্তিনির্ভর এই ফ্যামিলি কার্ডে ব্যবহার করা হয়েছে আধুনিক স্পর্শবিহীন চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তি। একটি কার্ডের মাধ্যমেই একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যের তথ্য অন্তর্ভুক্ত রাখা যাবে।
সুবিধাভোগী নারীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এই ভাতার টাকা সংগ্রহ করতে পারবেন। প্রতিটি পরিবার প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। তথ্য সংগ্রহের সময়ই এসব হিসাবের বিস্তারিত তথ্য নিয়ে রাখা হয়েছে যাতে টাকা সরাসরি প্রাপকের কাছে পৌঁছায়। সরকার মনে করছে, এই ডিজিটাল ব্যবস্থা প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন