মার্চ ১১, ২০২৬, ০২:৫৮ পিএম
জাতীয় সংসদকে একটি কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানিয়েছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে চায় বর্তমান সরকার। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
চিফ হুইপ বলেন, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন তা প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মনোনীত করবেন।
প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তির সভাপতিত্বেই উদ্বোধনী অধিবেশন শুরু হবে। এরপর নিয়ম অনুযায়ী সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। নির্বাচিত স্পিকার দায়িত্ব গ্রহণের পর সংসদীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন চিফ হুইপ। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন করা। সংসদের ভেতরে সদস্যদের আচরণ ও কার্যক্রম কেমন হবে, তা সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকবে বলে তিনি উল্লেখ করেন। অধিবেশনে জনমানুষের প্রত্যাশা ও দেশের সামগ্রিক সংকট নিরসনে কার্যকর আলোচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বহুল আলোচিত ডেপুটি স্পিকার পদের বিষয়ে নুরুল ইসলাম মনি এক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তিনি জানান, প্রধান বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদের জন্য এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা লিখিত প্রস্তাব আসেনি। এর আগে সরকারি দলের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও বিরোধী শিবিরের অবস্থান এখনো স্পষ্ট নয়। আগামীকালকের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মাধ্যমেই সংসদীয় কাঠামোর নতুন যাত্রা শুরু হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন