রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীর বিক্রম হাফিজ উদ্দিন ত্রয়োদশ সংসদের নতুন স্পিকার

জাতীয় ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১১:৪৯ এএম

বীর বিক্রম হাফিজ উদ্দিন ত্রয়োদশ সংসদের নতুন স্পিকার

নতুন স্পিকার মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হলে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

সংসদীয় রীতি অনুযায়ী, সরকারপ্রধান ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবের ওপর সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিরোধী দলের পক্ষ থেকেও এই প্রস্তাবে সমর্থন জানানো হয়, যেখানে বিরোধীদলীয় নেতার পক্ষে জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ মো. তাহের তার সমর্থন ব্যক্ত করেন।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দেশের প্রথম সংসদীয় অধিবেশন।

 দীর্ঘ দেড় বছরের বিরতি এবং অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এই সংসদের যাত্রা শুরু হলো। এবারের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছে।

 রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবারের সংসদে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নেই। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনের ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকার নিয়ম থাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। নতুন স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রমে এখন নতুন গতি সঞ্চারিত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।