রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শাহজালালে ১২ দিনে ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

জাতীয় ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০৫:৪৬ পিএম

শাহজালালে ১২ দিনে ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

বিমানবন্দরে স্থবিরতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১২ মার্চ পর্যন্ত মাত্র ১২ দিনে এই বিমানবন্দর থেকে ৪১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আরও ২৪টি ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। 

এই বিশাল সংখ্যক ফ্লাইট বাতিলের ফলে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক রুটের যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট বাতিলের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন। 

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১২ দিনে ধারাবাহিকভাবে প্রতিদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হওয়ার মধ্য দিয়ে এই সংকটের শুরু হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। 

পরবর্তী দিনগুলোতেও একই ধারা অব্যাহত ছিল। ৪ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩৫টি করে ফ্লাইট বাতিল করা হয়েছে। গত বুধবার ২৪টি এবং আজ বৃহস্পতিবারও সমসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।আজ বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বড় বড় সব এয়ারলাইন্স। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট রয়েছে। 

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণেই এই এয়ারলাইন্সগুলো তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা সীমিত করেছে বলে জানা গেছে। এর ফলে যারা জরুরি প্রয়োজনে কর্মস্থলে ফিরতে চেয়েছিলেন বা বিদেশ থেকে দেশে আসতে চেয়েছিলেন, তাদের সবাই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।তবে বিশাল সংখ্যক ফ্লাইট বাতিল হলেও আজ শাহজালাল বিমানবন্দর থেকে স্বল্প পরিসরে কিছু ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সব মিলিয়ে ৫১টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হতে পারে। এর মধ্যে মাসকটগামী ৯টি, কুয়েতগামী ২৩টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১৯টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। ফ্লাইট বাতিলের ফলে সৃষ্ট পরিস্থিতির ওপর বেবিচক নিবিড়ভাবে নজর রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথ নিরাপদ হলে পুনরায় পূর্ণাঙ্গ শিডিউলে বিমান চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।