সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ১০:৪১ এএম

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

পুলিশের নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে দেশবাসীর জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাগুলো জানানো হয়। ঘরমুখো মানুষের যাতায়াত যেন কোনোভাবেই ঝুঁকিপূর্ণ না হয় সেই বিষয়টি বিবেচনায় রেখেই মূলত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

পুলিশ সদর দপ্তর জানিয়েছে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণের পরিকল্পনা করতে হবে এবং কোনো অবস্থাতেই বাস বা ট্রাকের ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে চলাচল করা যাবে না। চালকদের দ্রুত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত না করার জন্য যাত্রীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সড়কপথে চলাচলের ক্ষেত্রে জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে পুলিশ। যেখানে এই সুবিধা নেই সেখানে যানবাহনের গতিবিধি দেখে সাবধানে রাস্তা পার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চালকদের ক্ষেত্রে অতিরিক্ত গতি বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

ক্লান্তি বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানো এবং সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার কথা বলেছে পুলিশ। এছাড়া বাসে অতিরিক্ত যাত্রী না তুলতে এবং অপরিচিত কারো কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ না করতেও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।নৌপথে যাতায়াতের ক্ষেত্রেও পুলিশ কঠোর সতর্কতা জারি করেছে। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হিসেবে লঞ্চ বা স্পিডবোটে না ওঠার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ রাখতে এবং চালকদের নিয়মিত আবহাওয়ার বুলেটিন শোনার পরামর্শ দেওয়া হয়েছে। 

বিশেষ করে স্পিডবোটে ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে। রেলপথে যাত্রীদের ক্ষেত্রে ট্রেনের ছাদ বা ইঞ্জিনে ভ্রমণ করা থেকে বিরত থাকার পাশাপাশি পাথর নিক্ষেপ ও মালামাল চুরি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে পুলিশ বা র‍্যাবের নির্দিষ্ট কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।